ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা, গাজীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় রোববার স্কুল ছাত্রসহ চার জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
খুলনা: নগরীর খালিমপুর শিল্পাঞ্চলের আলমনগর এলাকায় ট্রাকের চাপায় মো. মিরাজ (৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
মিরাজ খালিমপুরের হাউজিং তিনতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা রিক্সা চালক শুকুর আলী।
সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
খালিমপুর থানার ওসি মোকসেদুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালিশপুর আলম নগরের বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য আলমনগর সড়কের শাহীনা ফ্লাওয়ার মিলের সামনে রাস্তা পর হচ্ছিল মিরাজ। এ সময় চরের হাট এলাকা থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক মিরাজকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিরাজ।
মিরাজের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আলমনগর সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।
গাজীপুর: কালীগঞ্জের উলুখোলা ব্রীজের ওপর গাজীপুরগামী একটি মালবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে চট্টগাম থেকে গাজীপুরে আসার পথে উলুখোলা ব্রীজের ওপর মাল বোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
এদের মধ্যে জাবেদুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুরের বিরামপুর থানার গোডগাছ গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকায় ট্রাকের ধাক্কায় স্থানীয় মতিউর রহমান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহা সড়কের রশিকনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক মতিউরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৩ ঘ.
bdnews24