২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগঠনগুলোর কর্মবিরতি: ভোমরা স্থলবন্দর অচল

ভারত থেকে আমদানি করা আটক পোশাক ফেরত দেওয়া ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোর কর্মবিরতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আমদানি করা আটক পোশাক ফেরত দেওয়া ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোর কর্মবিরতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডি (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন, হোল্ডিং শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, ট্রাক মালিক সমিতিসহ বন্দরের সবগুলো সংগঠন কর্মবিরতি শুরু করে। এতে বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকা পড়ে পণ্যবাহী কয়েকশ ট্রাক। মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ভারত থেকে আমদানি করা দুই ট্রাক পোশাকসহ ছয় জনকে আটক করে সাতক্ষীরা টাস্কফোর্স। টাস্কফোর্স কর্মকর্তারা জানান, আটক ট্রাক দুটিতে ২৩৫টি লটে ভারতীয় পাঞ্জাবী, কার্ডিগান, শিশুদের পোশাক, জ্যাকেট, প্যান্ট, সোয়েটার ছাড়াও রয়েছে কাশ্মীরী শাল, থ্রি পিস ও লেহাঙ্গা। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১২টার দিকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে বন্দর সংশ্লিষ্ট সবগুলো সংগঠন এক বৈঠকে মিলিত হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক পোশাক ফেরত ও গ্রেপ্তার সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, দাবি মানা না হলে বন্দরে অনির্দিষ্টকাল ধরে কর্মবিরতি চলবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৪০ ঘ.