ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শনিবার ২ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার জের ধরে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে বিক্ষুব্ধ জনতা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও দুটি যানবাহন ভাংচুর করে। মুন্সীগঞ্জে ট্রাক উল্টে মারা গেছেন এক শ্রমিক।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকায় সকাল ৮টার দিকে যাত্রীবাহী ট্যাম্পুর চাপায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত মনসুর আলী (৫৫) আটকে পড়া পাকিস্তানী। আদমজী ইপিজেডে বিহারী কলোনিতে থাকতেন তিনি।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক বন্ধ করে করে দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও দুটি যানবাহন ভাংচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল যাওয়ার জন্য মনসুর আলী সোনা মিয়া মার্কেটের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় যাত্রীবাহী ট্যাম্পুটি তাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী টেম্পুটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার মুন্সীরহাটে পাথর বোঝাই ট্রাক উল্টে মাজেদ (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ শ্রমিক।
মাজেদ লক্ষ্মীপুর জেলার রায়পুরার দেয়ালী গাজীর ছেলে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের পাগলা থেকে ট্রাকটি পাথর বোঝাই করে এর ওপর ২২ জন শ্রমিক নিয়ে মুন্সীগঞ্জের চিতলিয়া যাচ্ছিলো।
মুন্সীরহাটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাথর চাপায় মাজেদের মৃত্যু হয়। আহত হন ২১ শ্রমিক। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা সবাই ট্রাকের যাত্রী।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24