চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০০টি ইঞ্জিন এবং ৩০০টি আধুনিক বগি এনে রেলওয়েকে ২০১২ সালের মধ্যে লাভজনক করার ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি শুক্রবার বলেছেন, ২০১২ সালের মধ্যে রেলব্যবস্থা পাল্টে দেওয়া হবে। তখন আর সরকারকে ভর্তুকি দিতে হবে না।
তবে বর্তমানে রেলওয়েতে সরকারকে কী পরিমাণ ভর্তুকি দিতে হয়, তা জানাননি মন্ত্রী।
চট্টগ্রামে এক মতবিনিময় সভায় আবুল হোসেন আরো বলেন, অচিরেই মিয়ানমার, থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেলযোগাযোগ স্থাপন করা হবে।
দুপুরে নগরীর সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চলের ডাক বাংলোয় রেলওয়ে এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন আবুল হোসেন।
রেলব্যবস্থায় সংস্কার এবং যন্ত্রপাতি কেনাসহ রেলের উন্নয়নে সরকার ৬ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, দ্রুতই কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশ থেকে ১০০ টি ইঞ্জিন (লোকোমেটিভ) রেলওয়ের বহরে যুক্ত হবে। এর সঙ্গে ৩০০টি প্যাসেঞ্জার কোচও যুক্ত হবে।
"এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের রেলব্যবস্থা উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছবে", বলেন মন্ত্রী।
সরকারের নেওয়া প্রকল্প আলোর মুখ দেখবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আগে যা শুনেছেন, তা কথা আর কথা', এখন দেখবেন কাজ আর কাজ।"
"অতীতে রেল লাইনের কথা শুনেছেন, কিন্তু দেখেননি। এবার দেখবেন", বলেন আবুল হোসেন।
রেলের সমস্যা সমাধানের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, তা দ্রুত বাস্তবায়ন হবে।
মন্ত্রী বলেন, মোবাইলে রেলের টিকিট বিক্রির ফলে মানুষের ভোগান্তি কমছে। এতে অসাধু রেল কর্মকর্তাদের হাত থেকে রেহাই মিলছে।
চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংস্কারের সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের গর্তগুলো ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। ঈদের আগেই এ পরিস্থিতির আরো উন্নতি হবে এবং ডিসেম্বরের মধ্যে সড়কটি ঠিক হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24