ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে, দাদি হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।
বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ একজন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি গত ৩১ অক্টোবর বাবা হয়েছেন।
বেলজিয়ামের একটি হাসপাতালে নবজাতক ভূমিষ্ঠ হয়। তার নাম রাখা হয়েছে লীলাতুলী হাসিনা সিদ্দিক। নবজাতক ও তার মা সুস্থ আছেন।
শেখ রেহানা এখন নাতনীর সঙ্গে রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান দুজন। তারা হলেন সজীব ওয়াজেদ আহমেদ ও শেখ সায়মা হোসেন।
অন্যদিকে শেখ রেহানার তিন সন্তানের মধ্যে ববি ছাড়া দুই মেয়ে হলেন টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এমআই/২০৪৫ ঘ.
bdnews24