২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ির ৩ খুন: নির্দোষদের গ্রেপ্তারের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার না করে নির্দোষদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার না করে নির্দোষদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গ্রেফতারকৃত দেলোয়ার ওঝার স্ত্রী মরিয়ম বেগম। এই তিন খুনের ঘটনায় দেলোয়ার ওঝা ও তার ছেলে হিরা মিয়াকে গ্রেপ্তার করা হয়। মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, "হত্যাকাণ্ডে জড়িত সুমন পুলিশের কাছে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে লিংকন ও দেলোয়ার হোসেন দিলুর (কাঠ দিলু) নাম প্রকাশ করে।" কিন্তু পুলিশ কাঠ দিলুকে গ্রেফতার না করে দেলোয়ার ওঝা ও তার ছেলে হিরা মিয়াকে গ্রেফতার করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনভাবেই এ হত্যাকাণ্ডে জড়িত নয়। দেলোয়ার ওঝা ও হিরার নামে আগে কোনো মামলা না থাকলেও পুলিশ তাদের পেশাদার খুনি হিসেবে আখ্যায়িত করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। মরিয়ম বেগম তার স্বামী ও ছেলের মুক্তি দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক মূল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের পরিদর্শক শেখ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত দেলোয়ার ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে যে, সে ঘটনার সাথে সরাসরি যুক্ত। আর তার ছেলেও এ হত্যাকাণ্ডে জড়িত।" দোলোয়ার ওঝার পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় বিথী রহমান (৪৫) ও তার শাশুড়ি সুফিয়া খাতুনের (৭৫) জবাই করা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত বিথীর স্বামী মিজানুর রহমান (৫২) এদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শহীদ ফারুক সড়কের অন্তু মেডিকেলের কাছে একটি চারতলা বাড়ির তিনতলায় এ ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এসএইচএ/কেএমএস/১৫৫৫ ঘ.