ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাগে টাকা না পেয়ে রাজধানীতে এক গার্মেন্ট কর্মকর্তাকে গুলি করে আহত করেছে ছিনতাইকারীরা।
রোববার দুপুরে মালিবাগ মোড়ে এ ঘটনায় গুলিবিদ্ধি গার্মেন্ট কর্মকর্তা আহসান হাবীবকে (৪০) পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মালিবাগ এক্সিম ব্যাংকের সামনে একটি ব্যাগ নিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন/চারজন ছিনতাইকারী তার ব্যাগ নিয়ে দেখে সেখানে টাকা নেই। এ সময় হাবীব চিৎকার করলে তার বাম পায়ে গুলি করে ছিনতাইকারীরা।
টাকা না থাকলেও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
উত্তরার ভ্যালেনটাইন সোয়েটার ফ্যাক্টরির হিসাব বিভাগের কর্মকর্তা বলে নিজের পরিচয় দেন আহসান।
রমনা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাগ ছিনতাই ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।"
ব্যাগে কোনো টাকা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯১৮ ঘ.
bdnews24