নওগাঁ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক গৃহবধুকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে শেষ পর্যন্ত তার স্বামী সন্তানসহ তিন জনকে ছুরিকাঘাতে জখম করেছে এক উত্ত্যক্তকারী।
নওগাঁ শহরে শনিবার রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চকদেবপাড়ায় আব্দুল হান্নানের (৩৮) বাড়িতে ঢুকে তাকে, তার ছেলে ফশিউর (১৪) ও ভাড়াটিয়া আকরাম হোসেনকে (৪৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একই এলাকার লাকু (৩৫)।
আহত তিনজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এলাকাবাসী জানায়, লাকু আব্দুল হান্নানের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ করেও লাকুকে ঠেকানো যায়নি।"
ওসি জানান, সালিশে সে অপরাধ স্বীকার করে এবং হান্নানের স্ত্রীকে উত্ত্যক্ত করবে না বলে অঙ্গীকার করে। কিন্তু সালিশের পর থেকেই সে রাতে হান্নানের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
হান্নানের স্ত্রী লাকুর অত্যাচার থেকে বাঁচতে স্বামী-সন্তান নিয়ে শহরের কাপড় পট্টি এলাকায় শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু লাকু সেখানেও একই ধরনের অত্যাচার শুরু করলে তারা চকদেবপাড়ার বাসায় ফিরে আসেন।
শনিবার রাতে লাকু ওই বাড়িতে ঢুকে এ তাণ্ডব চালায়।
এ ব্যাপারে হান্নানের ভাই আব্দুল ওয়াহাব শনিবার রাতে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ লাকুকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৫৩ ঘ.
bdnews24