২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপা রানীর বাড়িতে শিক্ষামন্ত্রী, মূল আসামি গ্রেপ্তার হয়নি

ফরিদপুরের চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডের মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আশ্বাস দিয়েছেন, খুনিদের গ্রেপ্তারে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ফরিদপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডের মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আশ্বাস দিয়েছেন, খুনিদের গ্রেপ্তারে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে বখাটেদের মটর সাইকেলের ধাক্কায় চাঁপা (৪৮) নিহত হন। চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দেবাশীষ সাহা রনি (২৪) এবং তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের পর চারদিনেও রনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ মামলায় রনির বন্ধু ও স্বজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক। তারা হলেন- রনির কাকা গোপাল সাহা (৫৮), বন্ধু শোভন ভট্টাচার্য (২২), সাইফুল ইসলাম (২৪), আবুল হাসান (২৩), শ্যামল সাহা (২২) এবং জয়দেব রায় (৪০)। তাদের পাঁচদিনের জন্য রিমান্ডে চেয়েছে পুলিশ। এর আগে রনির সৎ মা প্রমিতা সাহা এবং রনির সহযোগী আলমগীরের মা খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। শিক্ষামন্ত্রী নাহিদ শনিবার দুপুরে মধুখালীর গাড়াখোলায় গিয়ে চাঁপা রানীর পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, উত্ত্যক্ত করা বন্ধ করতে যা যা প্রয়োজন সরকার তাই করবে। চাঁপা রানীর খুনিকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়ে তিনি বলেন, "এ ক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না।" পরে শিক্ষামন্ত্রী চাঁপারানীর কর্মস্থল ফরিদপুর চিনিকল এবং ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪১ ঘ.