২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গ্যাস পাইপে বিস্ফোরণ, আগুন

বগুড়া শহরের নারুলী এলাকায় গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণে আগুন ধরে যায়। এ ঘটনায় বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বগুড়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের নারুলী এলাকায় গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণে আগুন ধরে যায়। এ ঘটনায় বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনীর দুটি ইউনিট দ্রুত আগুন নিভিয়ে ফেলে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ বিস্ফোরণের পর নারুলী এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। লাইন মেরামতের পর বিকাল ৩টা থেকে ওই এলাকায় আবার গ্যাস সরবরাহ চালু করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী তরিকুল ইসলাম। ঘটনাস্থলের পাশের একটি বাড়ির বাসিন্দা জামাল উদ্দিন জানান, বলাকা মেশিনারি স্টোর নামের একটি প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল শ্রমিকরা কপিকলের সাহায্যে উঠানো-নামানোর কাজ করছিলো। সকাল ১১ টার দিকে হঠাৎ কপিকলের লোহার পাইপ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। কপিকলের নিচের দিকে পাইপের মাথা মাটির সামান্য নিচে গ্যাস পাইপ লাইনের সঙ্গে লেগে থাকায় বিদ্যুতায়িত হয়ে গ্যাস পাইপে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটেই আগুন নেভাতে সক্ষম হয়। পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ১১ হাজার কেভি বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে গ্যাস লাইনের পাইপ বিদ্যুতায়িত হওয়ায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে গ্যাস লাইন মেরামতের কাজ শুরু হয়। বগুড়া বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগ গ্রহনকারী মো. জাবেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস বিস্ফোরণের কারণে বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা ৫মিনিট পর্যন্ত নারুলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। নারুলী পুলিশ ফঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান গ্যাস পাইপে আগুন জ্বলছে। তিনি জানান, এ ঘটনায় রাসেল (১৯) নামের এক শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। সে কাহালু উপজেলার সোনা মিয়ার ছেলে। সুজন (১৮) নামের অপর এক শ্রমিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বগুড়া শহরের নিশিন্দারা এলাকার আজাহারের ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১টা ৫০ মিনিটের দিকে সুজন নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বলাকা মেশিনারিজ স্টোরের মালিক মোখলেছুর রহমান বলেন, "দুর্ঘটনার কথা শুনেছি। ব্যবসায়িক কাজে বর্তমানে বগুড়ার বাহিরে অবস্থান করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/১৭৩১ ঘ.