চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থী সারিমা রহমানের 'হত্যাকারী' এসএম তোহা সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।
সারিমা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ২টার দিকে নগরীর সিটিগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তোহাকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন।
এসআই মোহসীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারিমাকে ছুরিকাঘাত করে হত্যার কথা তোহা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি তিনি বাসা থেকে এনেছিলেন।
তোহা পুলিশকে জানিয়েছেন, সারিমা মারা যাওয়ার পর তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় গিয়েছিলেন।
তোহার (২৪) বাড়ি চট্টগ্রামের বায়জিদ থানাধীন কুলগাওয়ে। তার বাবার নাম মো. লোকমান।
গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর আমীরবাগের ৫৬/বি আইডিয়াল হাউজ নামক আবাসিক ভবনের ছাদে তোহার ছুরিকাঘাতে বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সারিমা (১৯) নিহত হন বলে অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১০৪৭ ঘ.
bdnews24