ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছতা নিশ্চিতে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বিধিমালায় পরিবর্তন আনার সুপারিশ করেছে এ সংক্রান্তসংসদীয় স্থায়ী কমিটি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৃহস্পতিবারের বৈঠকে কয়েক দশকের পুরনো ডিপি-৩৫ (১৯৩৫ সালের প্রতিরক্ষা ক্রয় আইন) এর আধুনিকায়ন করে নতুন আইন পাসের সুপারিশ করা হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ডিপি-৩৫ যুগোপযোগী করতে অস্বীকৃতি জানিয়েছিল।
কমিটির সুপারিশে বলা হয়, সরকারি ক্রয় আইন-২০০৬ এর সঙ্গে সঙ্গতি রেখে ১৯৩৫ সালের প্রতিরক্ষা ক্রয় আইনের আধুনিকায়ন করা হলে বাংলাদেশে প্রতিরক্ষা ক্রয় আরো ত্বরান্বিত হবে।
তবে স্পর্শকাতর সামরিক ক্রয়ের ক্ষেত্রে নতুন আইনে অবশ্যই কিছু ধারা থাকতে হবে বলে সংসদীয় কমিটি অভিমত দিয়েছে।
জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, "ব্রিটিশ আমলে প্রণীত ডিপি-৩৫ অনুযায়ী বাংলাদেশে প্রতিরক্ষা ক্রয় সম্পাদিত হচ্ছে। ফলে অনেক ক্রয়ের ক্ষেত্রেই বেশি সময় লেগে যায়। তাই এ আইনটির আধুনিকায়ন প্রয়োজন।"
প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই প্রতিরক্ষা সচিব আরো বলেন, "প্রতিরক্ষা ক্রয় ত্বরান্বিত করতে ও এক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষে কমিটি সংসদে নতুন আইন পাসের সুপারিশ করেছে।"
এছাড়া কমিটি দেশে ক্যাডেট কলেজের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএ/জেবি/এইচএ/২২৩২ ঘ.
bdnews24