কুড়িগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর ভাঙনে গত তিনদিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাঁচটি গ্রামের ১৭১টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
এগুলো হল- উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি, তেররশি, শংকর মাধবপুর, সাজাই পূর্বপাড়া ও কাদের মণ্ডল পাড়া গ্রাম।
এনিয়ে গত তিন মাসে এই পাঁচ গ্রামে দেড় হাজার পরিবার গৃহহীন হল। মানচিত্র থেকে সাজাই পূর্ব পাড়া ও কাদের মণ্ডল পাড়া গ্রাম বিলীন হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা।
এছাড়া ভাঙনের মুখে পড়েছে শংকর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি।
বৃহস্পতিবার কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর ভাঙন চলছে চার কিলোমিটার এলাকাজুড়ে। গত ৭২ ঘণ্টায় উত্তর কোদালকাটি গ্রামে ৪৫টি, তেররশিতে ২৫টি, শংকর মাধবপুরে ৩৭টি, সাজাই পূর্ব পাড়ায় ৪৪টি এবং কাদের মণ্ডল পাড়া গ্রামে ২০টি পরিবার গৃহহীন হয়েছে।
এছাড়া কাদের মণ্ডল পাড়া ও সাজাই পূর্ব পাড়া গ্রামে এ পর্যন্ত ৪৩০টি পরিবার গৃহহীন হয়েছে। এই দু'টি গ্রামের দুই তৃতীয়াংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বলেও তিনি জানান।
তিনি জানান, ভাঙন কবলিতদের মধ্যে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ২৫০টি পরিবারকে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ভাঙন কবলিত পরিবারগুলোকে চলতি মাসে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24