নারায়ণগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন সহোদর ভাইসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়েছে।
সোমবার ভোররাত ৩টার দিকে ফতুল্লার মাসদাইর গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল খালেকের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
তারা জানায়, বিকট শব্দে বিস্ফোরণে দুটি ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে।
এসময় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
পুলিশের বোমা বিস্ফোরক দল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, বোমার কোন আলামত পাওয়া যায়নি। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের একজন দাবি করেছে, গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে পুলিশ আহতদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি জাতীয় পরিচয় পত্র, একটি উর্দু ও দুইটি বাংলায় এনজিওদের বিরুদ্ধে লেখা বই।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার শহীদুল্লার তিন ছেলে আবুল হোসেন মোল্লা (৩০), জামাল ওরফে কামাল (৩২) ও ইব্রাহিম রুবেল (২৪) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর মহজমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), বরিশালের গৌরনদী উপজেলার টেঙ্গারদি এলাকার আলম হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (২৮) ও একই জেলার উড়ালকান্দি এলাকার নেওয়াজ শিকদারের ছেলে বাচ্চু মিয়া (২৫)।
আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আহতরা শহরের গাবতলী নতুন বাজার এলাকার বাসিন্দা আব্দুল খালেক শিকদারের বাড়িতে দুইটি ঘরে ভাড়া থাকতো।
খালেক শিকদারের বাড়িতে দুটি সারিতে ১৬টি ঘর নির্মাণ করে 'মেস' হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
১৬ নম্বর কক্ষে ভাড়া থাকতো তিন ভাই আবুল হোসেন মোল্লা, জামাল ওরফে কামাল ও ইব্রাহিম রুবেল।
আবুল হোসেন মোল্লা ওই এলাকার বোখারী একাডেমী স্কুলে শিক্ষকতা করেন। অন্য দুই ভাই মাসদাইর এলাকায় অবস্থিত পোশাক কারখানায় কাজ করেন। পাশের ঘরে থাকেন তিনজন নির্মাণ শ্রমিক।
ফতুল্লা এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক মো. জসিমউদ্দিন সাংবাদিকদের জানান, তিনি ও আরো তিনজন মিলে ৫ নম্বর ঘরে ভাড়া থাকেন। ওই বাড়ির ১৫ নম্বর কক্ষে বিকট শব্দে রাত সাড়ে তিনটায় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ওই ঘরটি ছাড়াও পাশের ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়াল ধ্বসে পড়ে। মারাত্মকভাবে পুড়ে যাওয়া ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বাড়ির মালিক আব্দুল খলিল শিকদারের ছেলে শামসুদ্দোহা খোকা জানান, বছর দু'য়েক আগে পোশাক শ্রমিক জামাল ও ইব্রাহিম কক্ষটি ভাড়া নেন। মাঝে মাঝে তাদের ভাই পরিচয়ে আবুল হোসেন মোল্লা আসতেন। গত দেড় মাস ধরে তিনি ওই ঘরে অবস্থান করছিলেন।
বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহ্ আলমের নেতৃত্বে বিস্ফোরক নিস্ক্রীয়করণ দলের কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা ঘটনাস্থল পরিদর্শ করে সাংবাদিকদের জানান, বোমা বিস্ফোরণ ও বোমা বানানোর কোনো আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণ হলে স্পিন্টারের আলমত থাকতো। ঘটনাস্থলের আলামত ও আহতদের সঙ্গে কথা বলে বিস্ফোরণের প্রকৃত ঘটনা জানা যাবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চু মিয়া (২০) দাবি করেন, গত কয়েকদিন ধরেই রান্না ঘরের গ্যাসের চুলায় লিকেজ ছিলো। এই লিকেজ দিয়ে অনবরত গ্যাস বের হতো। সোমবার ভোরে কেউ সিগারেট জ্বালালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, আহতদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24