কুষ্টিয়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশি পাঁচ কিশোর ধরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
৩২ রাইফেলস ব্যাটালিয়নের অধীন প্রাগপুর কোম্পানি কমান্ডার জুলফিকার আলী সাংবদিকদের জানান, এ ব্যাপারে প্রাগপুর সীমান্ত এলাকায় সকালে দু'দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ অপহৃতদের ফেরত দেয়নি।
তিনি জানান, দ্বিতীয় দফা পতাকা বৈঠকের জন্য ভারতের উদয়নগর ক্যাম্পের বিএসএফ কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
অপহৃত পাঁচ কিশোর হলো- দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের ছইমুদ্দিন এর ছেলে ফারুক, জামরুলের ছেলে তারেক, ফরমানের ছেলে ঘেতু, জালালের ছেলে ফারুক ও বিল্লালের ছেলে সুমন।
এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
এলাকাবাসী জানায়, ভারতীয় ভূখন্ড সংলগ্ন দৌলতপুর সীমান্তের ১৫৩ নম্বর সীমানা পিলারের কাছে মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের বাংলাদেশি পাঁচ কিশোর ঘাস কাটছিলো।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদয়নগর ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খোদা বলেন, বাংলাদেশি ৫ কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দৌলতপুর সীমান্ত এলাকায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।
এ বছরই ঠাকুরগাঁও সীমান্ত থেকে কয়েক শিশুকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কয়েকজনকে ফেরত দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24