ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। এর কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানিয়ে বলা হয়, নিুচাপটি আরো জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিুচাপটি কিছুটা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল থাকবে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিুচাপের সৃষ্টি হয়। সেটির প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে ঘরচাপা পড়ে, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এএনএস/এইচএ/২২৪৪ ঘ.
bdnews24