সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধক ও ট্রাফিক পুলিশ দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ওই এলাকার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ, সাভার কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোরে যাওয়ার পথে অবরোধের মুখে পড়েন।
এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত খান সাংবাদিকদের জানান, গত ৫ অক্টোবর 'ব্রাভো আইটি এন্ড স্পোকেন ইংলিশ' সেন্টারের শিক্ষক আশরাফুল আলম কমল (২৯) সিএন্ডবি বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় মারা যান। এর আগেও একাধিক ব্যক্তি ওই স্থানে মারা গেছে।
এসব দুর্ঘটনার জন্য গতিরোধক ও ট্রাফিক না থাকাকে দায়ী করছে শিক্ষার্থীরা। তারা মহাসড়কের এই স্থানে গতিরোধক তৈরি ও ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানায়।
একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীসহ অনেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষকে বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি।
ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে গতিরোধক নির্মাণ ও ট্রাফিক পুলিশ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24