সিরাজগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের ঘটনায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানসহ কয়েকজনকে আসামি করে আরো একটি মামলা হয়েছে।
এ নিয়ে এই ঘটনায় সাতটি মামলা হলো। এসব মামলায় এ পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বুধবার রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলাটি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম হায়দার। তিনি সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ছিলেন।
এর আগে বিএনপির ৩৮ নেতাকে আসামি করে একটি মামলা হয় একই থানায়।
সোমবার দুপুরে খালেদার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যায়।
সমাবেশ আসা লোকজন রেললাইনে বসে অপেক্ষা করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এসে পড়লে তারা ট্রেনের নিচে পড়ে যায়।
১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সয়দাবাদে এই ছাত্র-গণজামায়েতের আয়োজন করেছিলো।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের দুই চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনের বিভিন্ন বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।
ট্রেনে আগুন, লুটপাট ও সহিংসতার ঘটনায় রেলওয়ে, ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব ৬টি মামলা করেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি মামলার প্রস্তুতি চলছে। আমি যতটুকু জানি সে মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হচ্ছে না।"
তিনি আরো বলেন, "বিএনপির চেয়ারপারসনসহ কারো বিরুদ্ধে কেউ যদি কোনো মামলা করেন তাহলে তার মামলা নিতে হবে।"
এসপি আরো জানান, গ্রেপ্তার করা ৫২ জনের কাউকে এখনো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়নি।
মামলার আসামিদের মধ্যে আরো আছেন- কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আলীম।
এছাড়া অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
এপিপি গোলাম হায়দার বলেন, "রাষ্ট্রের বিরুদ্ধে ওই দুস্কৃতকারীরা অবস্থান নিয়েছিলো। কাজেই তাদের দৃষ্টান্তমূলক শস্তির জন্যই মামলাটি দায়ের করেছি।"
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসির সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24