২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মিষ্টি ও ফলের দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জে দুটি মিষ্টি ও ১১টি ফলের দোকানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে দুটি মিষ্টি ও ১১টি ফলের দোকানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থার (বিএসটিআই) অনুমতি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে এসব দোকানকে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে শহরের ফলপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাবান তহুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআইএ'র পরিদর্শক পূজন কর্মকার ও সঞ্জয় কুমার কর্মকার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত শহরের ফলপট্রি এলাকায় আদিনাথ ঘোষের মালিকানাধীন নিউ মিষ্টিমুখ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও ত্রিনাথ ঘোষের রসরাজ মিষ্টিমুখ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ১১টি ফলের দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত একটি পাল্লা ও বেশ কিছু বাটখারা জব্দ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাবান তহুরা জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মাপে কম দেওয়ার অভিযোগে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.