ঝিনাইদহ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িতে হামলার খবর জানিয়ে পুলিশে খবর দিয়েছিলেন চুয়াডাঙ্গার ইউপি সদস্য মিজানুর রহমান। কিন্তু পুলিশ যাওয়ার আগেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার প্রথম প্রহরে দামুরহুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদ সদস্য মিজানকে (৩৮) হোগলডাঙ্গা গ্রামে তার বাড়িতেই হত্যা করা হয়।
মিজান ওই ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
দামুরহুদা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া ১টার দিকে একদল সন্ত্রাসী মিজানের বাড়িতে হামলা চালায়। তিনি মোবাইল টেলিফোনে দামুরহুদা থানায় এবং হোগলডাঙ্গা গ্রামের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে খবর দেন।
"তবে পুলিশ পৌঁছনোর অগেই সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দু'মেয়ের সামনে মিজানকে কুপিয়ে হত্যা করে।"
গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
মিজান আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা ছিলেন বলে জানিয়েছেন ওসি, তবে কোন পদে ছিলেন তা জানাতে পারেননি।
মিজান নতিপোতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হওয়ার পর মিজান দায়িত্ব পালন করছিলেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24