ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।
পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক বেনজির আহমেদকে ডিএমপি কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমানকে সিআইডির নতুন প্রধান করা হয়েছে।
এছাড়া নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৫৫ জন শীর্ষ কর্মকর্তা পদে এই রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
ডিএমপি কমিশনার একেএম শহীদুল হককে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। সিআইডির প্রধান শাহজামাল রাজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
শুক্রবার নাটোরের বড়াইড়ুাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে বিএনপির অভিযোগ।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মুহম্মদ আমিনুল ইসলামকে কম্যান্ড্যান্ট সারদা পুলিশ একাডেমিতে, সারদা পুলিশ একাডেমীর ডিআইজি আব্দুস সালামকে শিল্পাঞ্চল পুলিশে, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপির) কমিশনার নওশের আলীকে (চলতি) ডিআইজি চট্টগ্রাম, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার হেলাল উদ্দিন বদরীকে ডিআইজি পুলিশ সদর দফতর, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমেদকে অতিরিক্ত মহাপরিচালক র্যাব, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ওবায়দুল্লাহকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার (চলতি), চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডলকে যুগ্ম কমিশনার ডিএমপি, খুলনা রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমানকে ডিআইজি (চলতি) রাজশাহী রেঞ্জ, ডিএমপির যুগ্ম কমিশনার অমূল্য ভূষণ বড়ূয়াকে অতিরিক্ত কমিশনার এসএমপি পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৪৬ ঘ.
bdnews24