সিরাজগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শুক্রবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় ট্রাকের চালকসহ চারজন।
পুলিশ জানিয়েছে, কামারখন্দ উপজেলার সীমান্তবাজারে সিরাজগঞ্জ-নলকা-হাটিকুমরুল মহাসড়কে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু (৩৫) পাবনা সদর উপজেলার শালগাড়িয়া মহল্লার সিরাজ আলীর ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
কড্ডা পুলিশ ফাঁড়ির ট্রাফিক সার্জেন্ট রেজোয়ানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রংপুরগামী রড ভর্তি ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১১-৫৩২২) সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাকের (পাবনা-ট-১১-০০৫৬) কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ৬ নং সেতুর কাছে সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন উভয় ট্রাকের চালক ও হেলপারসহ পাঁচজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান।
ট্রাফিক সার্জেন্ট জানান, দুর্ঘটনার পর মহসড়কের উভয় পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২২ ঘ.
bdnews24