ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিলুপ্তপ্রায় মাছসহ অন্যান্য ছোট মাছ সংরক্ষণে সরকার ৩৫ কোটি ৮৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
এর ফলে ২৮৫ লাখ দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদিত হবে। সেইসঙ্গে দেশী মাছের উৎপাদন ৩০ ভাগ বাড়বে বলেও জানান তিনি।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য শামসুর রহমান শরীফের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, "চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ প্রকল্পের আওতায় সরকার বিলুপ্তপ্রায় মাছসহ অন্যান্য দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে।"
আব্দুল লতিফ বিশ্বাস জানান, এই প্রকল্পের আওতায় সারাদেশে সরকারী ও বেসরকারী খামারকে পোনা উৎপাদনের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়াও জলাশয় উন্নয়ন ও খাল পুনঃখনন করা হবে।
তিনি আরো বলেন, "পোনা উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য মৎস্যজীবী, মৎস্যচাষী এবং মৎস্য বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত।"
এর বাইরে জার্মান উন্নয়ন সংস্থা জিটিজেড-এর আর্থিক সহায়তায় মাছের বংশ বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24