ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (পারোল) বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
একই সঙ্গে এ বিষয়ে করা সরকারের আবেদন মুলতবি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যর আপিল বিভাগ আগামী এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।
গত ২৬ অগাস্ট কোকোর একটি রিট আবেদনে হাইকোর্ট পারোলের মেয়াদ ৪০ দিন বৃদ্ধি করে।
সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণও জানতে চায় হাইকোর্ট।
সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়।
পারোলের মেয়াদ বাড়িয়ে হাইকোর্ট বলেছিলো, কোকোকে তিন দিন পর পর থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করতে হবে। এর অন্যথা হলে পারোল বাতিল হয়ে যাবে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। গত ১৪ অগাস্ট তার পারোলে মুক্তির মেয়াদ শেষ হয়।
স
bdnews24