ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় বাথরুমের ঝর্নায় ফাঁস দিয়ে আঁখি (২১) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
যাত্রাবাড়ি থানার ওসি মনিরুজ্জামান আত্মহত্যার ঘটনা স্বীকার করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতের ভাই ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ছয় মাস আগে সিঙ্গাপুর প্রবাসী হুমায়ূন কবিরের সঙ্গে আঁখির বিয়ে হয়। বিযের কিছুদিন পর আঁখি সন্তানসম্ভবা হলে তার শাশুরি ও ননদ তাকে গর্ভপাতে বাধ্য করেন। এরপর থেকে আঁখি অস্বাভাবিক হয়ে যায়।"
আজ সকালে ফারুকের বাসার বাথরুমের ঝর্নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আঁখি। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরেক সড়ক দুর্ঘটনায় রাজধানীর কদমতলীতে গৃহবধু হালিমার (৪৫) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইন্সটিউটের সামনে দ্রুত গতির পিকাপের ধাক্কায় হালিমা গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালিমার স্বামী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হালিমার এ বছর হজে যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে স্থানীয় একটি হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।"
কদমতলী থানার ওসি আয়ূবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাতক পিকাপটি আটক করা হয়েছে। তবে চালককে ধরা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এসআইএম/পিডি/২১৪৪ ঘ.
bdnews24