২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪

কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

কুষ্টিয়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুই দফায় এই সংঘর্ষ ঘটে। সংগঠনের নেতাকর্মীরা জানান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস মঈন ও পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান জনি গ্র"পের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের টিএন্ডটি মোড়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আক্কাস মঈন (২৫), মিজানুর রহমান জনি (২৩) ও স্বপন আলী (২৫) আহত হয়। চিকিৎসার জন্য তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন নেতাদের হাসপাতালে দেখতে আসা দুই পক্ষের কর্মীদের মধ্যে রাত সাড়ে ১১ টার দিকে আবার সংঘর্ষ বেধে যায়। এসময় পারভেজ (২১) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মিজানুর রহমান জনিকে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল আলম সুমন বলেন, "এটা ছাত্রলীগের কোন অভ্যন্তরীন কোন্দল বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়। সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে বলে আমার ধারণা। তার পরও যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, "দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সংঘর্ষে জড়িতদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায় মামলা কিংবা অভিযোগ করতে আসেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৩৪ ঘ.