২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে আরেকটি লাশ

সাতক্ষীরা সীমান্ত থেকে আরো একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 03:03 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সীমান্ত থেকে আরো একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার দেবহাটা উপজেলার শিবপুর সীমান্তে ইছামতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় হুমায়ুন কবিরের লাশ (৩০)। তিনি উপজেলার নাংলা গ্রামের ওহাব বিশ্বাসের ছেলে। হুমায়ুনের পরিবারের বরাত দিয়ে দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ২০ জানুয়ারি রাতে হুমায়ুনসহ কয়েকজন সীমান্তের ইছামতি নদী পাড়ি দিয়ে ভারতে গরু আনতে যান। এদের মধ্যে হুমায়ুনকে ভারতের ১৮ ব্যাটালিয়নের রামেশ্বরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ইছামতি নদীতে ফেলে দেয়। এসআই হারুন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তার চাচাত ভাই ইমদাদুল হক থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ২৪ জানুয়ারি সুইলপুর এলাকায় ইছামতি নদী থেকে একই রকম আঘাতপ্রাপ্ত আজগর আলী গাজী (২৩) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের করিম গাজীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.