সাভার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমায়র আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়ার পথে রোববার সকালে সাভারে পৃথক পৃথক দুর্ঘটনায় তিন মুসল্লি মারা গেছেন।
তবে এদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এছাড়া আশুলিয়ায় গাছের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারী নিহত হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে তিনদিনব্যাপী ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা লাখো মানুষের এ জমায়েতে শামিল হয়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল ৭টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাকায় ইজতেমাগামী এক মুসল্লি (৪০) নিহত হন।
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে একই মহাসড়কের সাভার থানা স্ট্যান্ডের কাছে পদ্মা প্রিন্টার্সের সামনে এবং সকাল ৮ টার দিকে আমিনবাজার স্ট্যান্ডের কাছে গাড়িচাপায় অন্য দুজন ঘটনাস্থলে মারা যান।
এ দুজনও ইজতেমায় যাচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল ৯টার দিকে সাভারের টঙ্গাবাড়ি এলাকায় নাভানা সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গেলে এটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।
নিহত মনোয়ারা বেগম (৪৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নুরুল্লাহপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ বাসটি আটক করেছে।
এসব দুর্ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় আলাদা মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24