ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে অংশ নিতে রোববার সকালে তারা টঙ্গীর ইজতেমা এলাকায় যান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকাল ১১টার পর কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে পৌঁছান।
রাষ্ট্রপতি বসেন ইজতেমাস্থলের মূল মঞ্চের কাছে অতিথি নিবাসের কাছে। রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিল এভিয়েশন ভবনের ছাদে বিশেষ মঞ্চে বসে আখেরি মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন আত্মীয়-স্বজন এবং মন্ত্রিসভার সদস্য ও দলীয় সাংসদরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বসেন এটলাস মটরস ভবনের ছাদে বিশেষ প্যান্ডেলে। তিনি সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান। তার সঙ্গেও দলীয় নেতারা ছিলেন।
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের সম্মিলন বিশ্ব ইজতেমা।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর উপকণ্ঠের টঙ্গী পানে মানুষের ঢল দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24