২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ বছর পর সিরডাপের মন্ত্রী পর্যায়ের বৈঠক

২২ বছর পর সিরডাপের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক রোববার ঢাকায় শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 11:53 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ বছর পর সিরডাপের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক রোববার ঢাকায় শুরু হচ্ছে। ২৮ জানুয়ারি 'ঢাকা ঘোষণা'র মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ বৈঠক শেষ হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। ২৪ জানুয়ারি নির্বাহী কমিটির সভা, ২৫ জানুয়ারি পরিচালনা পরিষদ ও দাতাদের সভা এবং ২৬ জানুয়ারি আঞ্চলিক নীতি সংলাপ সংক্রান্ত সভা হবে। তবে মন্ত্রী পর্যায়ের মূল সভাটি হবে ২৭ ও ২৮ জানুয়ারি। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের প্রথম সভাটি ১৯৮৭ সালে ঢাকায় হয়েছিলো। ওই সময় সদস্য দেশগুলোতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে পল্লী দারিদ্র্য বিমোচন করে একটি সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে 'ঢাকা ঘোষণা' গ্রহণ করা হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে আগামী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংস্থার মহাপরিচালক দুর্গা পি পাদুয়াল। উপস্থিত ছিলেন- সভার সমন্বয়ক মুজিবুর রহমান, সিরডাপের তথ্য ও যোগাযোগ সচিব কে এ এস দয়ানান্দ প্রমুখ। সম্মেলনে জানানো হয়, ১৪টি সদস্য দেশের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সদস্য দেশের বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া), চীন, ফিজি, পাপুয়া নিউগিনি এবং ভুটানও তাদের প্রতিনিধি পাঠাবে। দুর্গা পাদুয়াল জানান, এবারের সভার মূল বিষয় হচ্ছে পল্লী জনগোষ্ঠির জীবনাচারের টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা। তিনি বলেন, গত ২০ বছরে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে পল্লী উন্নয়নের ধারায় অনেক পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন চিন্তা-চেতনা। এসব বিষয়ের সঙ্গে কীভাবে সদস্য দেশগুলোর অবস্থান সময়োপযোগী করা যায়, তা নিয়েই সভায় আলোচনা করা হবে। প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠক করতে ২০ বছর লাগলো কেন- এ প্রশ্নের জবাবে পাদুয়াল বলেন, "২০ বছর পরে হলে প্রতি বছরই সংস্থার সচিবদের বৈঠক হয়েছে। প্রতি দুই বছর পর পর নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। কাজ থেমে ছিলো না। আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন কাজ আমরা এই সময়ের মধ্যে করেছি।" বাংলাদেশসহ সদস্য দেশগুলোর প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত অনেত পরিবর্তন হয়েছে উল্লেখ করে সংস্থার মহাপরিচালক বলেন, বর্তমানে জলবায়ু পরির্বতন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসহ বিভিন্ন ইস্যুতে নতুন করে চিন্তা-ভাবনা করার সময় এসেছে। এ জন্য সিরডাপের নতুন কৌশল ও লক্ষ্য নির্ধারণ হওয়া প্রয়োজন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সিরডাপের সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, লাওস, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৪৫ ঘ.