ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিক অধিকার নিশ্চিতে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে হবে। শুক্রবার রাজধানীতে 'নাগরিক অধিকার মেলায়' বক্তারা এ কথা বলেন।
শিল্পকলা একাডেমীতে আয়োজিত দু'দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "নাগরিক অধিকার নিশ্চিত করতে ভালো একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এজন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, যার ভিত্তিতে গণতন্ত্র সুসংহত হবে। আর তাহলেই নাগরিক অধিকার নিশ্চিত হবে।"
অনুষ্ঠানে উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান স্থানীয় সরকারের ক্ষমতায়ন পিছিয়ে পড়া বিষয়ে বক্তব্য রাখেন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভাইস চেয়ারম্যান জোসতিনা নোকরাক বলেন, "আমাদের কোনো কাজ নেই। এমনকি আমরা নির্বাচিত হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও আমাদের এখতিয়ারের বিষয়টি এখনও নির্ধারিত হয়নি।"
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, বিদ্যালয়ে ভর্তি, শিশু মৃত্যুর হার এবং জন্ম নিয়ন্ত্রণের মতো নাগরিক অধিকারের কিছু সূচকে বাংলাদেশের কিছুটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, "তবে স্বাস্থ্য সেবা, শিক্ষার মান, মানবাধিকার বিশেষ করে দরিদ্র জনগণের অধিকার নিশ্চিত করার মতো বিষয়ে আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপকও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এ মেলার আয়োজন করেছে।
সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের জন্য যে সমঅধিকারের কথা বলা হয়েছে তা প্রতিষ্ঠা করা মেলার অন্যতম প্রধান লক্ষ্য।
এতে প্রায় ৬০টি এনজিও এবং মানবাধিকার সংগঠন অংশ নিচ্ছে।
২০০৭ সালে ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, তৃণমূল পর্যায়ের অধিকাংশ জনগণ নিজেদেরকে নাগরিক ভাবলেও তাদের অনেকেই সব নাগরিককে সমান মনে করেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24