২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাস ভাংচুর মামলার বাদিকে বৈরী ঘোষণা করে জেরা

প্রধান বিচারপতির এজলাস কক্ষ ভাংচুর সংক্রান্ত রাষ্ট্রদ্রোহিতা মামলার বাদিকে বৈরী ঘোষণা করে জেরা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা,জানুয়ারি ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিচারপতির এজলাস কক্ষ ভাংচুর সংক্রান্ত রাষ্ট্রদ্রোহিতা মামলার বাদিকে বৈরী ঘোষণা করে জেরা করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ওই মামলার বাদি সুপ্রিম কোর্টের তৎকালীন কীপার রফিকুল ইসলাম মামলাটি প্রমাণ করতে নিজের পক্ষে সাক্ষ্য না দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে বৈরী ঘোষণা করে জেরা করেন। এসময় মামলার রাষ্ট্রপক্ষের অন্য ৬ জন সাক্ষীও মামলার ঘটনা নিজের চোখে দেখেননি এবং সেদিন সুপ্রিম কোর্টে কী ঘটেছিল তা বলতে পারবেন না বলে সাক্ষ্য দেন। বিচারক এ এন এম বসিরউল্লাহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে এ মামলায় গত ১৭ জানুয়ারি তারিখে অভিযোগ গঠন করে ২১ এবং ২৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছিলেন। ওই দিন অভিযুক্তদের পক্ষে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হলে শুনানি গ্রহণের পর তা নাকচ করেছিলেন বিচারক। ২০০৬ সালের ৩০ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগের বৈধতা চ্যলেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতির বিরুদ্ধে কটূক্তি, শ্লোগান ও তার কক্ষ ভাংচুরের অভিযোগে সুব্রত ও আওসাফুরসহ ৮ আইনজীবীর বিরুদ্ধে এ মামলা হয়। মামলায় ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড: কামাল হোসেন, ব্যারিস্টার তানিয়া আমির,ব্যারিস্টার আমির উল ইসলাম,অ্যাডভোকেট খসরুজ্জামান, অ্যাডভোকেট সুব্রত সাহাকেও আসামি করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট প্রাঙ্গনে জাতীয় পতাকা ছিড়ে ফেলারও অভিযোগ আনা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক নাজিম মোল্লা গত বছরের ৬ জানুয়ারি অন্য আইনজীবীদের অব্যাহতি চেয়ে শুধুমাত্র সুব্রত এবং আওসাফুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বৃহষ্পতিবার এ মামলায় অন্য সাক্ষ্য দানকারীরা হলেন কোর্টের নিরাপত্তা প্রহরী আবদুল হাকিম, পিয়ন মোসাম্মৎ মরিয়ম, জমাদার মাইনুদ্দিন শরীফ, দারোয়ান মো: শফিউল্লাহ, সহকারি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রুজ ও সাবেক জমাদার মো: আব্দুর মজিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/এসকে/২৩৫৫ঘ.