নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ ব্যবসায়ী শাহজাহান সিরাজকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে দেওভোগের পানি ট্যাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, শাহজাহান সিরাজ পুলিশকে বলেছেন তার ব্যাগে ১০ লাখ টাকা ছিল।
তিনি জানান, ছিনতাই ও গুলির ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মণ্ডলপাড়া এলাকার এস আর ট্রেডার্সের মালিক শাহজাহান সিরাজ তার দেওভোগ এলাকার দাতা সড়কের বাড়ি থেকে রিকশায় করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা গুলি করে শাহজাহান সিরাজের হাত থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
শাহজাহান সিরাজের দুই উরুতে ও পাজরে তিনটি গুলি লাগে। আশপাশের লোকজন তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24