ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার পর রোববার ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার জাগীর এলাকায় সকালে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর আহত হওয়ার জের ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
আহত সালমা আক্তার (৬) সদর উপজেলা হিজুলী গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৯টার দিকে সালমা তার দাদির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এর প্রতিবাদে জাগীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
সালমাকে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, সদর উপজেলায় রোববার সকালে ট্রাকের নিচে চাপা পড়ে যাত্রীবাহী একটি টেম্পুর তিন আরোহী নিহত হয়।
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ভাতকুড়া এলাকায় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার জানিয়েছেন।
নিহতরা হলেন- টেম্পুচালক টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের কামরুল (২৪), সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আমীর হামজা (২৫) এবং বাসাইল উপজেলার থুপিয়া গ্রামের পিয়ার আলী (৬০)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "করটিয়াগামী টেম্পুটি ভাতকুড়া এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে।"
এতে তিনজন ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি জানান।
টাঙ্গাইল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল এবং টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের করাতি পাড়া বাইপাস অবরোধ করে রাখে।
এসময় তারা ৭-৮টি বাস ও ট্রাক ভাঙচুর করে।
অবরোধের কারণে ঢাকা থেকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন আটকা পড়ে।
পরে জেলা ও পুলিশ প্রশাসনের বৈঠকের প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24