সিলেট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ছাত্র হলের ডাইনিং রুমে বসা নিয়ে এক ছাত্রলীগ নেতার সঙ্গে শিবির নেতাদের কথাকাটাকাটি দিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান আহমদ টিপু ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. জালালউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা শিপলুকে মারধর করে শিবির কর্মীরা। এরপর দুটি সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ছাত্রলীগের সহ সভাপতি ফকর উদ্দিনও রয়েছেন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের কর্মকর্তা সুমন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও ছাত্র শিবির। তাদের সংঘর্ষ থামাতে গিয়ে সুলতান আহমদ টিপু ও জালাল উদ্দিন আহত হন।"
অধ্যাপক সুলতানসহ আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়।
সংঘর্ষস্থল থেকে মাহদী হাসান সুমন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
মাহদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে।
সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24