২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবলীগ নেতা খুন: আসামিদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মামুন (৩৫) হত্যা মামলার আসামিদের বাড়িসহ অন্তত ১৩টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মামুন (৩৫) হত্যা মামলার আসামিদের বাড়িসহ অন্তত ১৩টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজের গ্রাম উপজেলার চককাতুলীতে মামুনের জানাজা হয়। জানাজা শেষে বিক্ষুদ্ধ গ্রামবাসী মামলার আসামি পাশের মধ্যকাতুলী গ্রামের সাগর ও জাহাঙ্গীরের বাড়িসহ ১৩টি বাড়ি ও দোকান ভাঙচুর করে। এ সময় তারা কয়েকটি বাড়ির গোয়াল ঘর, খড় ও পাটখড়ির পলায় অগ্নিসংযোগ করে। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের সামলাতে পুলিশ লাঠিপেটা করলে মিস্টার, রেজাউল ও হাসান নামে তিনজন আহত হন। জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।" ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলা যুবলীগের নেতা চককাতুলীর মামুন পাশের মধ্যকাতুলী গ্রামে সালিস বৈঠকে যান। সেখানে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মামুনকে ছুরিকাঘাত ও মারপিট করা হয়। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। এ ঘটনায় মধ্যকাতুলী গ্রামের সাগর ও জাহাঙ্গীরসহ ২১ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন মামুনের ছোট ভাই বকুল। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এহছান উল্লাহ জানান, কিছু বিক্ষুব্ধ গ্রামবাসী মামুন হত্যা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সাগরের বাবা আমজাদ হোসেন জানান, চককাতুলী থেকে আসা এবং মধ্যকাতুলীর কিছু দুর্বৃত্ত তার নিজের ঘর-বাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া গ্রামের লাল মিয়া আকন্দ, ফজলু, শামসুল ইসলাম, ছানা মিয়া, মিনা, ইয়াজ উদ্দিন, ধলু, করিম, আব্দুর রাজ্জাক, আনিছুর রহমান, পিন্টু ও মন্তেজারের বাড়ি-ঘর, দোকান ভাঙচুর এবং গোয়াল ঘর, খড়ের ও পাটখড়ির পলায় আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন তিনি। মধ্যকাতুলী গ্রামের সামছুল আলম দাবি করেন, মামুনের লাশ বাড়িতে আনার আগেই মামলার আসামিরা বাড়ি-ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়ে অন্যত্র চলে যায়। চককাতুলী থেকে আসা লোকজনের সঙ্গে তাদের গ্রামের (মধ্যকাতুলী) কিছু লোকজন হামলায় যোগ দেয় বলে দাবি করেন তিনি। তার দাবি, কেউ কেউ নিজেদের খড়ের পলা ও গোয়াল ঘরে আগুন লাগিয়ে এবং ঘরের বেড়া ভাঙচুর করে চরকাতুলী গ্রামের লোকজনকে দায়ী করছে। আসামিদের বাড়িতে হামলার কথা স্বীকার করে গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলার সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত নয়। তবে এই ঘটনাকে রাজনৈতিক বলে চালানোর চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.