শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কে এখন বিনিয়োগের জন্য শ্রেষ্ঠ ক্ষেত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন।
নিউইয়র্ক সময় রোববার বিকাল চারটায় (বাংলাদেশ সময় রাত তিনটা) বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত 'বিজনেস সামিট উইথ প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অফ কমার্স' এ মূল বক্তা হিসেবে তিনি বলেন, "বাংলাদেশ এবং বাংলাদেশই এখন বিনিয়োগের শ্রেষ্ঠ ক্ষেত্র।
আন্তর্জাতিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান 'গোল্ডম্যান সাকস' বাংলাদেশকে বিনিয়োগের উৎকৃষ্টক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের জন্য সব ধরনের পূর্বশর্ত বিরাজ করছে। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা আর নেই।"
সম্মেলনের শুরুতেই ভিডিও চিত্রে ডিজিটাল বাংলাদেশের রোড ম্যাপ স্ট্র্যাটেজিস তুলে ধরা হয়। তবে সময়ের অভাবে পূর্বনির্ধারিত ভিডিও কনফারেন্স করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সজীব ওয়াজেদ জয়, ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজ আহমেদ এতে বক্তব্য রাখেন।
বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "তরুণ ও সৎ মন্ত্রী পরিষদসহ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে বিদেশী বিনিয়োগে সব ধরনের সুবিধা ও সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।"
শেখ হাসিনা বলেন, "২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই হল আমাদের সরকারের লক্ষ্য।"
বিদ্যুৎখাতে ইতোমধ্যে বেসরকারী বিনিয়োগের মডেল রয়েছে উল্লেখ করে বলে তিনি বলেন, "বিদ্যুৎখাত, শিক্ষা, স্বাস্থ্য তথ্যপ্রযুক্তিসহ অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগের মুক্ত সুযোগ রয়েছে।"
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে বাংলাদেশকে পরবর্তী 'এশিয়ান ইকোনমিক টাইগার' উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের জোর আহবান জানিয়ে বলেন, "লাইসেন্সসহ সব ধরনের প্রয়োজনে সরকার ওয়ান স্টপ সার্ভিসসহ যাবতীয় সহযোগিতার গ্যারান্টি দিচ্ছে।
"বাংলাদেশ প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে বদ্ধপরিকর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24