শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ফিরে আসতে বিরোধী দলকে আবারও আহ্বান জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন "আমিও বিরোধী দলে ছিলাম। ওয়ান-ইলেভেন এবং মাইনাস-টু ফর্মুলার কথা ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে গণতন্ত্র যেন ব্যাহত না হয়।"
গণতন্ত্র ব্যাহত না হলে বাংলাদেশের উন্নতি হবেই এবং একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালি মাথা উচুঁ করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ।
নিউ ইয়র্ক সময় রোববার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টা) গ্র্যান্ড হায়াত হোটেলের গ্র্যান্ড বলরুমে তার সম্মানে আয়োজিত এক সর্বজনীন গণ সংবর্ধনায় শেখ হাসিনা এসব কথা বলেন।
বিরোধী দলের সংসদে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, "এটা আসলে তাদের নিজেদের মধ্যকার গোলমাল। বিরোধী দলীয় নেত্রীর পাশে কে বসবেন সেই সমস্যা নিয়ে তারা স্পিকারকে লিখেছেন। অথচ 'উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে' চাপানো হচ্ছে।"
শেখ হাসিনা রসিকতা করে বলেন, বিরোধী দলীয় নেত্রীকে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়ে মাননীয় স্পিকাররের পাশে বসিয়েছিলাম তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য। কিন্তু যখন মাননীয় স্পিকারের কাছে জানতে চাইলাম, তিনি (খালেদা জিয়া) সংসদে আসছেন না কেন? জবাবে স্পিকার জানান, "আমি তো নিজ হাতে হালিমে মুড়ি মাখিয়েও দিয়েছিলাম।"
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, একজন সাংসদের তথ্যমতে, স্পিকার মুড়ি মাখিয়ে দিলেও হালিমে লেবু দেন নি।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং যুদ্ধাপরাধীদের বিচার করে যেন দেশের মানুষের কাছে দায়মুক্ত হতে পারেন সেজন্য প্রবাসী বাংলাদেশীদের কাছে দোয়া ও সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে এ পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা জানান, সবসময়ই তার সরকার প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকবে।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পরিকল্পনা ও প্রতিশ্র"তির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারো মুখাপেক্ষী হলে চলবেনা।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "যে মাটিতে বীজ পড়লেই গাছ হয় সেদেশের মানুষের কেন অভাব থাকবে। বারবার গণতন্ত্র ব্যাহত হওয়ার কারণে দেশের আজকের এই দূরবস্থা।
"জনগণ আওয়ামী লীগ ও মহাজোটকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমর্থন দিয়েছে। এটা একটা বিশাল দায়িত্ব। আমরা যেন জনগণের ভোটের মর্যাদা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি এবং দেশকে স্বাবলম্বী করতে পারি। আর সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
প্রধানমন্ত্রী বলেন, "কেউ কেউ ইস্যু খুঁজছেন। তেল-গ্যাস রক্ষার নামে হঠাৎ করে হরতাল ডাকছেন। অথচ আমরা যখন অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হরতাল, আন্দোলন করেছি তখন এই তারাই আমাদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের এই স্ববিরোধীতা 'ভূতের মুখে রাম নামেরই' নামান্তর।"
বিএনপির পাঁচ বছর এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামল বাংলাদেশকে ২০ বছর পেছনে নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, "ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়ার পর বিএনপির অবাধ দুর্নীতি ও লুটপাট এবং দলীয়করণের মাধ্যমে পুনরায় ক্ষমতায় যাওয়ার লোভই দেশে জরুরি অবস্থা জারির কারণ।"
বিডিআর'র ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আরো বেশী হত্যাযজ্ঞ ও গৃহযুদ্ধের অবস্থা থেকে দেশকে বাঁচিয়েছি। কিন্তু সেই দুর্দিনে কেউ সাহায্য করতে আসেনি।
গণসংবর্ধনায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ স্থানীয় আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এফএফ/এইচএ/১৫১০ ঘ.
bdnews24