ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক উপ-কমিশনার কোহিনুর মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আলোচিত গৃহবধূ শাহিনা সুলতানা শান্তা নির্যাতন সংক্রান্ত বাতিল মামলাটি পুনরায় বিচারবিভাগীয় তদন্তের জন্য রিভিশিন (পুনর্বিবেচনা) আবেদন মঞ্জুর করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় এ আদেশ দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমাইল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১২ মার্চ ধানমণ্ডি রাপা প্লাজার সামনে শান্তাকে অভিযুক্তদের নির্দেশে পুলিশ নির্মমভাবে প্রহার করে। এ সময় তলপেটে লাথি মেরে তার গর্ভের সন্তানকে নষ্ট করে দেওয়া হয়।
সেদিন আওয়ামী লীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল। শান্তা এ সময় তার পুত্র সন্তানকে স্কুল থেকে নিয়ে আসছিলেন।
দুইদিন পর ১৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শান্তা ঢাকার তৎকালীন উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, তৎকালীন উপ-কমিশনার (পশ্চিম) কোহিনুর মিয়া এবং কনস্টেবল রুহুল আমীনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার ঘটনা তদন্তে পুলিশ মহাপরিদর্শক (আইজি) এর মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইড) দায়িত্ব দেওয়া হয়।
সিআইডি কর্মকর্তা আলী হয়দারী ঘটনার সত্যতা পাওয়া যায়নি আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন নির্যাতিত শান্তা।
তিনি পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্তে নিরপেক্ষ থাকতে পারেন না বলে আপত্তি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান।
তৎকালীন মহানগর হাকিম শফিক আনোয়ার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাটি সঠিক নয় বলে মন্তব্য করে প্রতিবেদন দেন এবং পরে বাদীনির নারাজি/আপত্তি আবেদন নারাজি করা হয়।
ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ওই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন (পুনর্বিবেচনা) আবেদন করেন শান্তা।
রোববার সকালে ওই আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
শান্তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও নজরুল ইসলাম শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি পুনরায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৮০১ ঘ.
bdnews24