গাজীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরের ভান্নায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শনিবার বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে পোশাক শ্রমিকরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, বিইও অ্যাপারেলস ম্যানুফ্যাচারিং লিমিটেড নামের ওই পোশাক তৈরির কারখানা কর্তৃপক্ষ শৃংখলা ভঙের অভিযোগে ৪৪ শ্রমিককে ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়। এ ঘটনার প্রতিবাদে সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে।
রোববার ছাটাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা শ্রমিকদের জানানো হলে তারা কাজে যোগ দেয় বলেও জানান তিনি।
শ্রমিকরা জানান, ঈদের আগে এই কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করে। শনিবার সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে ১১জন নারী শ্রমিকসহ ৪৪ জন শ্রমিক তাদের চাকুরিচ্যুতির খবর শুনতে পায় এবং তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এতে তাদের সহকর্মীরা বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।
খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২০৫ ঘ.
bdnews24