২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত

বাগেরহাটে শনিবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। এছাড়া পুলিশে অভিযানে গ্রেপ্তার হয়েছে চরমপন্থী দলের তিন সদস্য। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বাহিনী প্রধান ফসিয়ার রহমান শানু (৪২) নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে শনিবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। এছাড়া পুলিশে অভিযানে গ্রেপ্তার হয়েছে চরমপন্থী দলের তিন সদস্য। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বাহিনী প্রধান ফসিয়ার রহমান শানু (৪২) নিহত হয়। নিহত ফসিয়ার নিজ নামে দস্যুদল গঠন করে সুন্দরবনে জেলে ও বাওয়ালীদের কাছ থেকে চাঁদা আদায় করতো বলে পুলিশ জানায়। তিনি মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খুনকারের বেড় গ্রামের সাহেব আলীর ছেলে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টায় নন্দবালা খালে পুলিশ অভিযান চালানোর সময় দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" প্রায় আধা ঘণ্টা 'বন্দুকযুদ্ধ'র পর দস্যুদল পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শানুকে উদ্ধার করে বলে পুলিশ কর্মকর্তা জালাল জানান। পরে তাকে মংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফসিয়ারকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, নয়টি তাজা গুলি এবং ছয়টি গুলির খোসা পাওয়া গেছে। নিহত ফসিয়ার গত ১৭ আগস্ট নিহত মংলার চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুস সাত্তার হত্যা মামলার আসামি। এছাড়া তার নামে মংলা থানায় অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে বলে জালাল উদ্দিন জানান। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। শুক্রবার রাতে বাগেরহাটে পৃথক তিনটি অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পিলজংগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আজিম শেখকে (৩৮) গ্রেপ্তার করা হয়। আজিমের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মোল্লাহাট থানার ওসি ফরমান আলী জানান, উপজেলার গাংনি ইউনিয়নের গাংনি থেকে ৩টি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলার আসামি মাসুদ শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, উপজেলা সদর ইউনিয়নের বিসারিঘাটা এলাকা থেকে চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলার আসামি সোহাগ হাওলাদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.