ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিনদিনের সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক মো. শাহজাহানের ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর হাকিম ফেরদৌস আরা এ আদেশ দেন ।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর এ মামলায় হান্নানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
খুলনা হোমিওপ্যাথ কলেজের অধ্যক্ষ ডা. এস আজিজুর রহমানকে অপহরণের অভিযোগে তার স্ত্রী ডা. ফারহানা রেজা জুঁই ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর ছয়জনকে আসামি করে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
২০০৭ সালের ১২ মে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
বাদীর আবেদনে গত বছরের ১৮ মে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। পরে গত বছরের ২০ অক্টোবর মুফতি হান্নানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হাফিজুর রহমানকে গত বছরের বিভিন্ন সময় দুই দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলায় এজাহারভুক্ত আমামিরা হলেন- এইচ এম শওকত, এ এন রহমান, হাসমত আলী, কাজী আ. হান্নান, অমিত কুমার চৌধুরী, জুবায়ের, হাফিজুর রহমান।
২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় মুফতি হান্নানের আইনজীবী লুৎফর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, এ রিমান্ড নিয়ে মুফতি হান্নানকে সব মামলায় ১৫০ দিনের বেশি রিমান্ডে নেওয়া হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১১১ ঘ.
bdnews24