২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামে দুই দলের সংঘর্ষে গোলাম রসুল (৩৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামে দুই দলের সংঘর্ষে গোলাম রসুল (৩৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। গ্রামের আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের এই সংঘর্ষ হয়। নিহত গোলাম রসুল আওয়ামী লীগ সমর্থক বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বাহাদুরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আওয়ামী লীগ সমর্থকদের নেতৃত্ব দেন গ্রামের মতিয়ার রহমান। আলফাজ উদ্দিন নেতৃত্ব দেন বিএনপি সমর্থকদের। দুই পক্ষের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে তিনবার সালিস করেছে বলে ওসি জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মতিয়ারের পক্ষের লোকজন আলফাজ সমর্থক আব্দুল বারিককে মারধর করে। এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে ৫টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষই ঢাল, ভেলা, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করে। সংঘর্ষ কালে গ্রামের মসজিদের সামনে প্রতিপক্ষের ফালার আঘাতে গোলাম রসুল নিহত হন বলে তার ভাইয়ের মেয়ে জামাই জিয়াউর রহমান জানান। ওসি জানান, পরিস্থিতি থমথমে। অপ্রীতিকার ঘটনা এড়াতে বর্তমানে গ্রামে পুলিশ টহল দিচ্ছে। আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। এদিকে শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবারও এ গ্রামে দু'দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.