২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সরকারি হাসপাতালে চিকিৎসকদের বেশিরভাগই ছুটিতে

ঈদের ছুটিতে চিকিৎসকদের ব্যাপক সঙ্কটে আছে রাজধানীর সব সরকারি হাসপাতাল। জরুরি না হলে হাসপাতালে আসছেন না কোনও বিশেষজ্ঞ চিকিৎসক। বন্ধ রয়েছে হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিঊজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদের ছুটিতে চিকিৎসকদের ব্যাপক সঙ্কটে আছে রাজধানীর সব সরকারি হাসপাতাল। জরুরি না হলে হাসপাতালে আসছেন না কোনও বিশেষজ্ঞ চিকিৎসক। বন্ধ রয়েছে হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষাও। এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে রোগীরা। ভালো চিকিৎসা না পাওয়ার শঙ্কায় বেসরকারি হাসপাতালে ছুটছেন অনেকে। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন মিরপুরের নার্গিস বাবু (৩৫)। এসে জানতে পারেন, জরুরি বিভাগের চিকিৎসক ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের সবাই ঈদের ছুটিতে আছেন। ছুটি শেষ হওয়ার আগে তাদের কাউকে পাওয়া যাবে না। বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও শিশু হাসপাতালেও প্রায় একই চিত্র দেখা গেছে এদিন। এসব হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকই ছুটিতে আছেন। ইন্টার্নি ডাক্তারদেরও বড় অংশটি আছেন ছুটিতে। কেবল জরুরি প্রয়োজনের জন্য আছেন অল্প কয়েকজন চিকিৎসক। সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন ফারুক হোসেন (৪২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঈদের আগের দিন থেকেই ওয়ার্ডে কোনও ডাক্তার আসেননি। সিস্টাররা বলেছেন, জরুরি দরকার হলেই শুধু ডাক্তারকে খবর দিতে হবে।" টনসিলের মারাত্মক সমস্যা নিয়ে ঈদের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কোনও চিকিৎসক পাননি মোহাম্মদপুরের বাসিন্দা আবু মিরাজ হোসেন (৩০)। তবে ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের কাছে তার ক্লিনিকে গিয়ে অপারেশন করিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানিয়েছেন তিনি। চিকিৎসক সঙ্কটের প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান বলেন, "ঈদের কারণে রোগী অনেক কম রয়েছে এবং তাদের যথাযথ সেবার ব্যবস্থা আছে। জরুরি প্রয়োজনে অপারেশনও করা যাবে।" খবর দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকরা চলে আসবেন বলে দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর জানান, পেটে ব্যথা বা পেটখারাপের মতো সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি এবং এদের বেশিরভাগই জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে য"েচ্ছন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসএইচ/২১২৭ ঘ.