মইনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি কোষাগার থেকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় দেওয়ার বিষয়ে প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা এ বিষয়ে সম্মত হলেই ইসি সরকারের কাছে এ প্রস্তাব দিবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
দলগুলোর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত ও নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখতেই নির্বাচনী ব্যয় 'স্টেট ফান্ড' (রাষ্ট্রীয় কোষাগার) থেকে দেওয়ার সুপারিশ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাখাওয়াত হোসেন বলেন, "সংসদে প্রতিনিধিত্বকারী দল, ভোট পাওয়ার হার কিংবা অন্য কিছু বিবেচনায় রেখে আনুপাতিক হারে নির্বাচনী ব্যয় সরকারের কোষাগার থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়ার সুযোগ রাখা যেতে পারে।
"এ বিষয়ে দলগুলোর মতামত বিবেচনা করে প্রস্তাব তৈরি করা হবে।"
তিনি জানান, এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে ইসি একটি 'কার্যপত্র' তৈরির কাজ করছে।
সরকারি কোষাগার থেকে নির্বাচনে দলগুলোকে ব্যয় দিতে এবং তা ইসির মনিটরিং এর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে একটি বিধিও যুক্ত করা যেতে পারে।
সাখাওয়াত মনে করেন, নিবন্ধিত দলগুলোর নির্বাচনী প্রচারের ব্যয় মেটাতে প্রায় একশ' কোটি টাকা খরচ হতে পারে।
ডিসেম্বরের মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "পাশাপাশি সুশীল সমাজ ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে সংশোধনী প্রস্তাবের বিষয়ে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ করা হবে।"
নবম সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠেয় সংলাপেও দলীয় নির্বাচনী ব্যয় সরকারের কাছ থেকে দেওয়ার প্রস্তাব উঠেছিলো। তখন ইসি'র পক্ষ থেকে বলা হয়, জনবল অপ্রতুলতার এ দায় তারা নিতে পারবে না। তবে ভবিষ্যতে এমন কর্মসূচি নেওয়া যেতে পারে।
তবে এখন নির্বাচন কমিশনের পর্যাপ্ত জনবল থাকায় এ নির্বাচনী ব্যয় তদারকিতে সুবিধা হবে বলে জানান সাখাওয়াত হোসেন।
নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দল ইসিতে নিবন্ধিত হয়।
বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, আসন অনুপাতে প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী প্রতি দেড় লাখ টাকা হারে নির্বাচনী ব্যয় করতে পারে। আর একেকজন প্রার্থীর সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করার বিধান রয়েছে।
নির্বাচনের পরে দলগুলো আইন অনুযায়ী ইসির কাছে দলীয় ব্যয়ের হিসাব দিলেও প্রকৃত পক্ষে এ ব্যয় থাকে অনেক বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৯৩১ ঘ.
bdnews24