২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'বন্দুকযুদ্ধে' জনযুদ্ধ নেতা নিহত

পাবনার আতাইকুলা থানায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শুকুর আলী চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়। শনিবার রাত ১টার দিকে আতাইকুলার নন্দনপুর এলাকায় ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা সহকারী উপপরিদর্শক কফিল উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শুকুর আলী চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়। শনিবার রাত ১টার দিকে আতাইকুলার নন্দনপুর এলাকায় ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা সহকারী উপপরিদর্শক কফিল উদ্দিন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নন্দনপুর মোড়ে জনযুদ্ধের সদস্যদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছোড়ে। তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।" প্রায় আধা ঘণ্টা 'বন্দুকযুদ্ধ'র এক পর্যায়ে শুকুর আলী (৩৫) নিহত হলে লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা কফিল জানান। তিনি জানান, ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। পুলিশ জানায়, শুকুর আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগে ছয়টিসহ ১২টি মামলা রয়েছে। তার বাড়ি আতাইকুলা থানার শাখাড়ীপাড়া গ্রামে। চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত সপ্তাহে বলেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.