ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে (১৯৯৬-২০০১) চালু করা কমিউনিটি ক্লিনিকগুলোর থিতিয়ে পড়া কার্যক্রম আবার চালু করার পাশাপাশি এ ধরনের আরও ক্লিনিক নির্মাণের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ জন্য দুই হাজার ছয়শ' ৭৭ কোটি ৪৯ লাখ টাকার একটি বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে প্রকল্প সাহায্য হচ্ছে পাঁচ শ' কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
'রিভিটেলাইজেশন অব কমিউনিটি হেল্থ কেয়ার ইনিটিয়েটিভ ইন বাংলাদেশ' নামের এ প্রকল্পের কাজ চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে। আগামী ২০১৪ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।
রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিব উল্লাহ মজুমদার সংবাদিকদের বলেন, "পল্লী এলাকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্যই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।"
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর সকলের কাছে, বিশেষ করে পল্লী অঞ্চলে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা (পরিচর্যা) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৬-২০০১ মেয়াদে তৎকালীন সরকার (বিগত আওয়ামীলীগ সরকার) প্রতি ছয় হাজার গ্রামীণ জনগণের জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর উদ্যোগ নিয়েছিল।
এর মধ্যে ১০ হাজার সাতশ' ২৩ টি কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং আট হাজারটিতে কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছিল। পরবর্তী সময়ে এ সকল কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের স্বাস্থ্যসম্পর্কিত নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যে ওই কমিউনিটি ক্লিনিকগুলো ফের কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
এ অবস্থায় এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্প অনুসারে ১০ হাজার সাতশ' ২৩ টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করা হবে। দুই হাজার সাতশ' ৭৭টি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যাওয়া ৯৯টি ক্লিনিক পুনঃনির্মাণ করা হবে।
এছাড়া সরকারি চার হাজার পাঁচশ' টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রবর্তন করা হবে।
এভাবে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকের সবগুলোকেই উপজেলা ও জেলা স্বাস্থ্য কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।
এ ছাড়া সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের তিন-চতুর্থাংশ জনগণের কাছে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
আরও পাঁচটি প্রকল্প অনুমোদন
বৃহস্পতিবারের একনেক বৈঠকে আরও পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-৪৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সেনাসদর ইএনই শাখার মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) স্থাপন প্রকল্প ও ৩২ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যলয়ের কার্জন হলের পূর্ব পাশে রেলওয়ের জমিতে পাঁচশ' ছাত্রীর জন্য ১০ তলা ভবনের একটি ছাত্রী হল নির্মাণ প্রকল্প, ৫৪ কোটি টাকার বাংলাদেশ টেলিভিশনের ঢাকা টেলিভিশন কেন্দ্রের স
bdnews24