ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুসারে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন শেষে মার্চেই মেয়াদোত্তীর্ণ প্রায় ৩০০ টি পৌরসভায় নির্বাচন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, "ইতোমধ্যে আইন পাস না হওয়ায় এ ২০১০ সালের শুরুতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিকল্পনা থাকলেও তা সম্ভব হবে না। তবে পৌরসভা আইন পাস হওয়ায় ফেব্র"য়ারির শেষে বা মার্চের শুরুতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি আমরা।"
ইউনিয়ন পরিষদ নির্বাচনও পর্যায়ক্রমে আগামী বছর করা হবে বলে জানান তিনি।
১৪ সেপ্টেম্বর সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ পাশ হয়েছে। ওইদিন স্থানীয় সরকার (ইউনিয়ন) বিলও সংসদে উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল এখনও সংসদে উপস্থাপিত হয় নি।
৪ অক্টোবর পর্যন্ত সংসদের তৃতীয় অধিবেশন মূলতবি করা হয়েছে।
দেশে ৩০৯টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ৯টি পৌরসভার নির্বাচন গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অনুষ্ঠিত হয়। বাকি পৌরসভাগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ।
সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের মধ্যে অধিকাংশই মেয়াদোত্তীর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24