গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলাপী ঋণের তথ্য গোপন করায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাবকে অযোগ্য ঘোষণা করেছে আদালত।
গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সোমবার এই রায় দেন।
টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের কালাম হোসেন বুলেট বাদী হয়ে মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা যায়, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাবের বাবা জোনাব আলী শেখ সোনালী ব্যাংকের পাটগাতী শাখা থেকে ঋণ নেন। এ ঋণের জামিনদার (গ্যারানটর) ছিলেন তিনি। ঋণ পরিশোধের আগে জোনাব আলীর মৃত্যু হওয়ায় ঋণের দায় আব্দুল ওহাবের ওপর আসে। আব্দুল ওহাব উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার সময় এ তথ্য গোপন করেন। এর চারদিন পর তিনি ওই ঋণের সমস্ত টাকা পরিশোধ করেন।
নির্বাচনে তিনি বিজয়ী হন।
বাদীপক্ষের আইনজীবী শেখ আহম্মাদ আলী বলেন, খেলাপী ঋণের তথ্য গোপন করে আব্দুল ওহাব প্রার্থী হওয়ায় কালাম হোসেন আদালতে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24