জয়পুরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের বিসিক শিল্পনগরীর একটি মিশ্র সার কারখানা থেকে সোমবার ভেজাল সার ও সরঞ্জামসহ দুটি ট্রাক আটক করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ কারখানার দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। কারখানার গুদামও সিলগালা করে দেওয়া হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল কবির জানান, জয়পুরহাট শিল্প নগরীর বাফকো এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি মিশ্র সার কারখানায় অবৈধভাবে আনা ভারতীয় নিম্নমানের সার মিশিয়ে সার তৈরি ও বাজারজাত হচ্ছে- এ অভিযোগ পেয়ে পুলিশ রোববার রাতে অভিযান চালায়।
ওসি জানান, সোমবার বিকেল পর্যন্ত কারখানা থেকে ১৫০০ ব্যাগ ভেজাল মিশ্র সার এবং ৮৫০ ব্যাগ আমদানি নিষিদ্ধ ভারতীয় পটাশ ও ফসফেট সার, মিশ্র সার তৈরির কাঁচামালসহ দুটি ট্রাক আটক করেছে।
এ ঘটনায় বাফকো এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর চেয়ারম্যান আব্বাস আলী (৫৫) ও ব্যবস্থাপক বাবলু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24